মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে এবং গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় আনিসা আক্তার (১৮) নামের ওই গৃহবধূকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার (৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার আজ (৬ জুলাই) মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে ঝিকরহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আনিসা আক্তারের সাথে একই এলাকার বিল্লাল হাওলাদারের ছেলে ফজলে রাব্বির (৩৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় ও টাকার দাবিতে আনিসার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, গত ৫ জুলাই রাতে অভিযুক্ত ফজলে রাব্বি তার শ্বশুড়বাড়িতে আসেন। সেখানে এসে তিনি আবারও টাকার জন্য চাপ সৃষ্টি করেন এবং আনিসাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাব্বি লোহার রড দিয়ে আনিসার শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরি আঘাত করেন। নির্যাতন চরম রূপ নিলে আনিসাকে হত্যার উদ্দেশ্যে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। এ সময় আনিসার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে আনিসা আক্তার মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই ঘটনায় আনিসার পরিবার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি জিডি (জিডি নং-৩৬৪, তারিখ: ০৬/০৭/২০২৬) দায়ের করেছেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ফজলে রাব্বি পলাতক থাকায় এবং তার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এই বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সান নিউজ/ জামান
