২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসিক এই মাইলফলক উদযাপন উপলক্ষে বছরজুড়ে নানা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে ভারতীয় দল ও বিশ্ব একাদশের মধ্যে একটি বিশেষ ম্যাচ আয়োজনের প্রস্তাব করা হয়েছে।
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শতবর্ষ উদযাপনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ আয়োজনের পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্ব দিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের শতবর্ষ উদযাপন ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে পুরো ২০২৮ সালজুড়ে চলতে পারে। এই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে ভারত ও বিশ্ব একাদশের মধ্যকার বিশেষ ম্যাচটি রাখার পরিকল্পনা করা হচ্ছে।
তবে ম্যাচটি আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য তারিখ, ভেন্যু কিংবা দুই দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকাও প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি এখনো প্রাথমিক পরিকল্পনার পর্যায়েই রয়েছে।
ভারত ও বিশ্ব একাদশের মধ্যে বিশেষ ম্যাচ আয়োজন অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন বিশেষ উপলক্ষে এমন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিসিসিআইয়ের শতবর্ষ উদযাপনে এবারও যদি এমন একটি ম্যাচ আয়োজন করা হয়, তাহলে ভারতীয় ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য উদযাপনে এটি হতে পারে অন্যতম আকর্ষণীয় আয়োজন।
সান নিউজ/ রাব্বি
