কলকাতার জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী বর্তমানে বাংলা ও হিন্দি সিনেমার পাশাপাশি তামিল ইন্ডাস্ট্রিতেও নিয়মিত কাজ করছেন। টালিগঞ্জের গণ্ডি পেরিয়ে বলিউডে নিজের জায়গা করে নেওয়া এই অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক উল্লেখযোগ্য কাজ। তবে ক্যারিয়ারে আসা হলিউডের একটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টোটা জানান, সিনেমাটিতে একটি শয্যাদৃশ্য থাকায় তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি। অভিনেতার কথায়, চরিত্রটি তার পছন্দ হয়েছিল। তবে হলিউডের ধাঁচে শয্যাদৃশ্য রাখার বিষয়ে তিনি নির্মাতাদের কাছে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। দৃশ্যটি বাদ দেওয়া হলে কাজ করবেন, অন্যথায় তাকে বাদ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
বাংলা সিনেমাতেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি টোটাকে। এর পেছনে ব্যক্তিগত কারণের কথাই জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, তার স্ত্রী ঘনিষ্ঠ দৃশ্য পছন্দ করেন না। তাই স্ত্রীর অস্বস্তি বা মনঃকষ্টের কারণ হতে পারে—এমন কোনো দৃশ্যে তিনি অভিনয় করতে চান না।
টোটা মনে করেন, পেশাদারভাবে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করা সম্ভব এবং বর্তমানে এ ধরনের দৃশ্য ধারণের নানা প্রযুক্তিগত ব্যবস্থাও রয়েছে। তবুও স্ত্রীর পছন্দকে গুরুত্ব দিয়েই তিনি এমন দৃশ্য এড়িয়ে চলেন।
সান নিউজ/ জামান
