দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণেই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই তারকা দম্পতি।
রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। তারা জানান, বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতির পরই এ সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রীতম হাসান বলেন, শেহতাজের সঙ্গে দীর্ঘ ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, একে অপরের প্রতি তাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে।
প্রীতম জানান, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। তবে এ সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান প্রীতম।
অন্যদিকে, শেহতাজ মনিরা হাশেমও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতি ও একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রীতমের প্রতি তার সম্মান ও শুভকামনা সবসময় অটুট থাকবে।
জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তারা অনুরোধ করেছেন, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। প্রায় চার বছরের দাম্পত্য জীবনের পর এবার বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেন এই তারকা জুটি।
সান নিউজ/ রাব্বি
