খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্রণ করে বিক্রি করার অভিযোগ প্রমানিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু’র ভ্রাম্যমাণ আদালত।
সূত্রে জানা যায়, মাটিরাঙা বনফুল শাখা থেকে কিনে নিয়ে যাওয়া জাম রঙের মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থী। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু’কে অবগত করা হলে তিনি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান ভোক্তার কাছে নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি নিশ্চিত করেন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির দায়িত্বশীল ব্যক্তিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বনফুল কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নষ্ট বা নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, স্থানীয় ভোক্তারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বাজারে খাদ্যপণ্যের মান, মূল্য ও মেয়াদ সংক্রান্ত বিষয়ে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/আরএ
