সারাদেশে গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর শহরের সি-অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে ১১ দলের একটি প্রতিনিধি দল পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের কাছে প্রধানমন্ত্রীর বরাবর লেখা স্মারকলিপি হস্তান্তর করে। এতে গ্যাস, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর শাখার সভাপতি ইসহাক আলী খানসহ জামায়াত ও শরিক দলগুলোর নেতাকর্মীরা।
স্মারকলিপিতে দেশের চলমান গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয় তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি
