যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল চত্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বেশ কিছু বিশাল আকৃতির বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ব্যস্ততম ভালিয়াসার চত্বরসহ বিভিন্ন পয়েন্টে টানানো এসব পোস্টারে ট্রাম্পের পাশাপাশি মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজকে কেন্দ্র করে নানা খোঁচা দেওয়া হয়েছে।
শহরের মূল আকর্ষণ হয়ে ওঠা এসব বিলবোর্ডের একটি তৈরি করেছে ‘ডিজাইনার্স হাউস’ বা ‘খানাহ-ই-তাররাহান’ নামের একটি সরকারি ডিজাইনিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির একটি বড় বিলবোর্ডে ট্রাম্পের মুখ সেলাই করা ও ঠোঁট বন্ধ অবস্থার একটি ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যার পেছনের দৃশ্যে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এই পোস্টারে বড় করে লেখা রয়েছে—‘অ্যাট দ্য ব্রেকিং পয়েন্ট’।
প্রতিষ্ঠানটির ৩২ বছর বয়সী ব্যবস্থাপক মোস্তফা কাফায়ি গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক অঙ্গনে কোনো বড় রাজনৈতিক ঘটনা ঘটলেই তাদের টিম অত্যন্ত দ্রুততার সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। মূলত সরকারি অর্থায়নে পরিচালিত এই স্টুডিওর কর্মীরা গ্রাফিক ডিজাইনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল যেমন চ্যাটজিপিটি ব্যবহার করে মাত্র কয়েক দিনের মধ্যেই এসব বড় প্রজেক্টের কাজ শেষ করেন।
অন্য আরেকটি বিলবোর্ডে ডোনাল্ড ট্রাম্পকে জাদুকরের একটি বাক্সের ভেতর বন্দি অবস্থায় দেখানো হয়েছে, যার হাতে রয়েছে ফাস্ট ফুড ও কোকা-কোলা। এর মাধ্যমে তুরস্কে ঘটে যাওয়া একটি ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে, যেখানে নিরাপত্তার কারণে ট্রাম্পকে গোপনে ক্যাটারিং ট্রাকে করে অন্য বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল। এই বিলবোর্ডের নিচে ক্যাপশন দেওয়া হয়েছে—‘চোখের পলক ফেললেই আপনি গায়েব!’
এছাড়াও তেহরানের আরেকটি বিশাল বিলবোর্ডে দেখা যায়, একজন ইরানি সেনার বুটের নিচে মার্কিন ড্রোন পিষ্ট হচ্ছে। আইআরজিসির হরমুজ প্রণালীতে ড্রোন আটকের ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে সেখানে লেখা হয়েছে, ‘ব্যবসা ভালোই চলছে।’ অন্য আরেকটি ব্যানারে উত্তাল সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আগুন লাগার দৃশ্য ফুটিয়ে তোলার পাশাপাশি লেখা রয়েছে, ‘শয়তানের সেনাবাহিনী আরব উপসাগরে ডুবে মরবে।’
বিশেষজ্ঞ মহলের মতে, ট্রাম্প একজন প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব হওয়ায় ইরানি পক্ষ তার প্রতিটি রাজনৈতিক পদক্ষেপের তাৎক্ষণিক ও আক্রমণাত্মক ভিজ্যুয়াল জবাব দিচ্ছে এসব বিলবোর্ডের মাধ্যমে।
সান নিউজ/রাজীব
