উয়েফা নেশন্স লিগে জয়ের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করেছে ফ্রান্স। জিনেদিন জিদানের অধীনে নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ফরাসিরা। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।
তবে গোলের পর সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি এমবাপের। ম্যাচের দ্বিতীয়ার্ধে হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডকে। একই সঙ্গে চলতি ফিফা উইন্ডোতে ফ্রান্সের হয়ে আর খেলতে পারবেন না তিনি।
তুরস্কের বিপক্ষে গোল করার পরপরই এমবাপেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর মাঠে ফিরলেও অস্বস্তি নিয়ে আবারও মাটিতে পড়ে যান তিনি। শেষ পর্যন্ত ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ৫৮তম মিনিটে তাকে তুলে নেন কোচ জিনেদিন জিদান।
ম্যাচ শেষে এমবাপের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফেরার বিষয়টি নিশ্চিত করেন জিদান। ফরাসি কোচ বলেন, পরিস্থিতি দুর্ভাগ্যজনক এবং আশাব্যঞ্জক মনে হচ্ছে না। তার হাঁটুতে ফোলা রয়েছে। তাই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তাকে মাদ্রিদে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্রান্সের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, এমবাপের হাঁটুর টেনডনে চোট লেগেছে। চিকিৎসার জন্য তাকে মাদ্রিদে পাঠানো হবে। সেখানে মেডিকেল পরীক্ষা শেষে চোটের ধরন ও এর গুরুতরতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এমবাপের চোটের কারণে নেশন্স লিগের পরবর্তী ম্যাচগুলোতে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ফ্রান্সকে। আগামী সোমবার বেলজিয়ামের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ফরাসিরা। এরপর ২ অক্টোবর ইতালির বিপক্ষে এবং ৫ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্রান্সের ঘরের মাঠ স্তাদে দ্য ফ্রান্সে।
সান নিউজ/ রাব্বি
