মাদারীপুরের ডাসার উপজেলায় পৃথক অভিযানে মানবপাচার মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার নবগ্রাম ও দক্ষিণ ধুয়াসার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, দক্ষিণ ধুয়াসার এলাকার আব্দুল হাই হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৪৫) মানবপাচার মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। একই অভিযানে মানবপাচার মামলার আরেক ওয়ারেন্টভুক্ত আসামি খাতিয়াল এলাকার কামাল হাওলাদারের স্ত্রী বিলকিস বেগম (৩৮)কে গ্রেফতার করা হয়।
এছাড়া রাত সাড়ে ৮টার দিকে নবগ্রাম পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ অসীম বৈদ্য (১৯), সাগর বৈদ্য (২০) ও নয়ন মণ্ডল (১৯)কে আটক করে পুলিশ।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ জানান, মানবপাচার মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতারের পাশাপাশি পৃথক মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
