খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁজেন। রান্নাঘরের পরিচিত উপাদান আদা এ ক্ষেত্রে একটি সহজ বিকল্প হতে পারে। আদা দিয়ে তৈরি চা হজমে সহায়তা করার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও কিছুটা ভূমিকা রাখতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। খবর এনডিটিভির।
হজমে আদা
আদা হজমতন্ত্রের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। ‘ওয়ার্ল্ড জার্নাল অব গ্যাস্ট্রোএন্টেরোলজি’-তে প্রকাশিত একটি ছোট গবেষণায় দেখা গেছে, আদা খাবারকে পাকস্থলী থেকে দ্রুত অন্ত্রে পৌঁছাতে সহায়তা করতে পারে। তবে হজমের সব ধরনের উপসর্গ কমাতে আদা কার্যকর-এমন শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
পেট ফাঁপায় কতটা উপকারী
খাওয়ার পর পেট ফুলে থাকা বা ভারী লাগা অনেকের নিয়মিত সমস্যা। ২০১১ সালের একটি গবেষণায় আদা ও আর্টিচোকের সমন্বয়ে তৈরি একটি সাপ্লিমেন্ট হজমের অস্বস্তি, পেট ফাঁপা, বমিভাব ও পেট ভরা অনুভূতি কমাতে সহায়তা করেছিল।
তবে গবেষণায় সাধারণ আদা চা নয়, আদা ও আর্টিচোকের সাপ্লিমেন্ট ব্যবহার করা হয়েছিল। তাই ঘরে তৈরি এক কাপ আদা চা একই ধরনের ফল দেবে—এমন নিশ্চয়তা নেই।
ওজন নিয়ন্ত্রণে আদা চা
আদা চাকে কোনোভাবেই ‘ফ্যাট বার্নিং’ পানীয় হিসেবে দেখা উচিত নয়। তবে ওজন নিয়ন্ত্রণ নিয়ে করা কিছু গবেষণায় ইতিবাচক ফল পাওয়া গেছে। ২০২৫ সালের একটি গবেষণা পর্যালোচনায় দেখা যায়, আদার সাপ্লিমেন্ট গ্রহণকারীদের কোমরের পরিধি ও শরীরের চর্বির পরিমাণ কিছুটা কমতে পারে।
তবে শরীরের মোট ওজন বা বিএমআই কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই শুধু আদা চা পান করে ওজন কমানোর চেষ্টা করা ঠিক নয়। স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ পানীয় হিসেবে আদা চা খাওয়া যেতে পারে।
কখন খাবেন
আদা চা খাওয়ার জন্য সকাল বা রাত-কোনো নির্দিষ্ট সময় সবচেয়ে কার্যকর, এমন শক্ত প্রমাণ নেই। খাবারের পর কিংবা সাধারণত যখন হজমের অস্বস্তি হয়, তখন এটি পান করা যেতে পারে।
রাতে পান করতে চাইলে কালো চা বা অন্য ক্যাফেইনযুক্ত চায়ের পরিবর্তে শুধু আদা দিয়ে তৈরি পানীয় বেছে নেওয়া যেতে পারে। বিশেষ করে ক্যাফেইনের কারণে যাদের ঘুমে সমস্যা হয়, তাদের জন্য এটি বিবেচনা করা যেতে পারে।
আদা চা অনেকের জন্য সাধারণ পানীয় হিসেবে উপযোগী হলেও সবার ক্ষেত্রে একই ফল নাও দিতে পারে। কোনো শারীরিক সমস্যা বা অস্বস্তি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।
সান নিউজ/ জামান
