যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাছুম মিয়া সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। মাঝে মাঝে বাংলাদেশে আসতেন। তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বাবা ছাড়া তাঁর পরিবারের অন্য সদস্যরাও যুক্তরাজ্যে বসবাস করেন।
পরিবার সূত্রে জানা গেছে, মাছুমের ছোট ভাই মানিক উদ্দিনের বাসায় স্থানীয় সময় রাত ৪টার দিকে পুলিশ গিয়ে দরজায় কড়া নাড়ে। পরে মাছুমের ছবি দেখে পুলিশ সদস্যরা জানান, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে পরিবারকে এখনো বিস্তারিত জানানো হয়নি। মাছুমের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে গুলির শব্দের খবর পেয়ে পুলিশ সেন্ট বার্থোলোমিউস রোডে যায়। সেখানে একটি গাড়ির ভেতর মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরিবারের সদস্যদের সহায়তা করছেন। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ঘিরে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা যায়নি।
তদন্তের নেতৃত্ব দেওয়া ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, পূর্ব লন্ডনের জনবহুল এলাকায় এ ধরনের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
মাছুমকে লক্ষ্য করেই গুলি করা হয়েছিল কি না কিংবা হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী—এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী বা ঘটনার ভিডিও ফুটেজ থাকলে রেফারেন্স নম্বর ‘সিএডি ৭৯৭/১৮এইউজি’ উল্লেখ করে ১০১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকালে মাছুমের মৃত্যুর খবর বিশ্বনাথে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের বাবা আমির আলী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তাঁর ছেলে মারুফ আহমদ ফোন করে মৃত্যুর খবর জানান। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
সান নিউজ/ জামান
