বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্বাবুয়ে সিরিজ এবং সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তালহা জুবায়ের।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়া সিরিজ শেষেই তালহার দায়িত্বের মেয়াদ শেষ হবে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আপাতত দায়িত্বে থাকছেন তিনি। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান সিরিজের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তালহা।
শুধু চলতি বছর নয়, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকার বিষয়টিও নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে থাকছেন তালহা জুবায়ের।
এদিকে, ফিল্ডিং কোচ হিসেবে আপাতত দায়িত্বে থাকছেন আশিক মজুমদার। তবে তার চুক্তির মেয়াদ কতদিন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
অন্যদিকে, মোহাম্মদ আশরাফুলকে নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠেছিল, তিনি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন কি না। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হারের পর বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে আশরাফুলই ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানা গেছে।
এ ছাড়া জাতীয় দলের কোচিং স্টাফে একজন সহকারী কোচ নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
সান নিউজ/ রাব্বি
