অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর ১৮তম আসরে বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউড তারকা আমির খান, সানি দেওল ও প্রীতি জিন্তা। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাওয়া তাদের নতুন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারের অংশ হিসেবে অমিতাভ বচ্চনের সঙ্গে বিশেষ এই পর্বে দেখা যাবে তাদের।
তবে সিনেমার প্রচারের পাশাপাশি অনুষ্ঠানের নতুন প্রমো প্রকাশের পর আমির খানের ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে আলোচনা ও ট্রোল।
কেবিসি ১৮-এর প্রকাশিত নতুন প্রমোতে অনুষ্ঠানের এবারের মূল থিম ‘সোচনা পড়েগা’ নিয়ে অমিতাভ বচ্চনকে প্রশ্ন করতে দেখা যায় আমিরকে। তিনি অমিতাভকে প্রশ্ন করেন, ‘আপনি প্রমোতে বললেন সোচনা পড়েগা, কিন্তু কী ভাবতে হবে?’
জবাবে অমিতাভ বচ্চন তার স্বভাবসুলভ ভঙ্গিতে জানান, এবারের মৌসুমে প্রশ্নগুলো এত সহজ হবে না। প্রতিটি ধাপে প্রতিযোগীদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এতে সায় দিয়ে আমির বলেন, ‘আসলেই ভাবতে হবে স্যার… সত্যিই ভাবতে হবে।’
প্রমোটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর মন্তব্যের ঘরে আমিরের ব্যক্তিগত জীবন টেনে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা যায় দর্শক ও ভক্তদের একাংশকে। সম্প্রতি তৃতীয়বার বিয়ের পর অভিনেতাকে নিয়ে নানা রসিকতাও করেছেন অনেকে।
একজন রসিকতা করে লিখেছেন, ‘তাকে জিজ্ঞেস করুন, চতুর্থ বিয়েটা কবে করছেন?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তিনি কি এখানে নিজের বিয়ের গল্প করতে এসেছেন?’ আবার কেউ কেউ কেবিসির এবারের থিম ‘সোচনা পড়েগা’-এর সঙ্গে আমিরের ব্যক্তিগত জীবন মিলিয়ে মজা করেছেন। তাদের মন্তব্য, তৃতীয় বিয়ের পর আমিরকে হয়তো এবার আবার বিয়ে নিয়ে ভাবতে হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এটি আমির খানের তৃতীয় বিয়ে।
সান নিউজ/ হুমায়রা
