ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৮ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, ‘এমভি জুন অ্যাস্টার’ নামের জাহাজটিতে মোট ১২৮ জন যাত্রী ও ক্রু ছিলেন। প্রাথমিকভাবে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরবর্তী যাচাইয়ে জানা যায়, তাদের মধ্যে চারজন জাহাজে ওঠেননি।
পিসিজির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, দুর্ঘটনার পর জাহাজটি থেকে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা ব্যক্তিদের তথ্য যাচাই এবং মিলিয়ে দেখার কাজ এখনো চলছে। ফলে হতাহতের সংখ্যা পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে।
‘এমভি জুন অ্যাস্টার’ গত ৯ সেপ্টেম্বর ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোন শহরের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।
আগুন লাগার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জন নিখোঁজ রয়েছেন।
আমার বাঙলা/ রাব্বি
