বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। জনপ্রিয় এই ফ্যামিলি ড্রামার পর এবার নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন তিনি। ‘ফিরে আসার গল্প’ নামের নতুন ধারাবাহিকটিতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু ও এই প্রজন্মের অভিনেত্রী তানজিম সায়ারা তটিনী।
গত মাসে ধারাবাহিকটির অ্যানাউন্সমেন্ট ও ফার্স্ট লুক প্রকাশ করেন নির্মাতা। তখনই সুমাইয়া শিমুর যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর তটিনীর নাম যুক্ত হলে ধারাবাহিকটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়।
অবশেষে ধারাবাহিকটির প্রচারের তারিখ ও সময় জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আগামী ৭ অক্টোবর থেকে ‘ফিরে আসার গল্প’ প্রচার শুরু হবে। প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটি দেখা যাবে।
ধারাবাহিকটির পোস্টারে সম্পর্কের গুরুত্ব বোঝাতে লেখা হয়েছে—‘যেখানে সম্পর্কই বড় শক্তি’। তবে গল্প ও চরিত্র নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
সম্প্রতি রাজের পরিচালনায় ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতেই ‘ফিরে আসার গল্প’ নির্মাণ করেছেন বলে জানা গেছে।
এদিকে দীর্ঘদিন পর সুমাইয়া শিমুর অভিনয়ে ফেরা এবং তটিনীর সঙ্গে তার পর্দার রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকটির ঘোষণার পোস্টে দর্শকদের নানা মন্তব্য ও প্রতিক্রিয়ায় সেই আগ্রহেরই প্রতিফলন দেখা গেছে।
সান নিউজ/ হুমায়রা
