দেশে বর্তমানে চাহিদার তুলনায় গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জোনায়েদ সাকি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেলের মজুত এক মাস থেকে ছয় মাসে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেড় মাসের মজুত রয়েছে। এটি দ্রুত তিন মাসে এবং পর্যায়ক্রমে ছয় মাসে উন্নীত করা হবে।
তিনি জানান, সম্প্রতি মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সারাদেশে গ্যাস সরবরাহে সাময়িক সমস্যা হয়েছিল। তবে এরই মধ্যে ওই সমস্যা সমাধান করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ বর্তমানে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ সংকট মোকাবিলায় স্থানীয়ভাবে গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে সাময়িক সমস্যা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। জরুরি চাহিদা পূরণে বিদেশ থেকে নিয়মিত গ্যাস আমদানি করা হচ্ছে। তবে শুধু গ্যাস আমদানি করে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজনীয় এলএনজি স্টেশন স্থাপন করতে হবে।
নতুন এলএনজি স্টেশন স্থাপনে কিছুটা সময় লাগবে জানিয়ে তিনি বলেন, শিগগিরই দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সান নিউজ/ জামান
