দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চৌহাটি গ্রামে ক্ষতিগ্রস্ত চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় চৌহাটি, কাজীপাড়া, হামিদপুর ও বাঁশপুকুর গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা অংশ নেন।
সভায় বক্তব্য দেন জীবন ও বসতবাড়ি রক্ষা কমিটি, চৌহাটির সভাপতি মো. মতিয়ার রহমান। তিনি বলেন, কয়লাখনির জন্য কোনো এলাকা অধিগ্রহণের আগে স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়া প্রয়োজন। পাশাপাশি ভূমিহীন ও ক্ষতিগ্রস্তদের জমি অধিগ্রহণের আগে তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, পানি, বিদ্যুৎ, কর্মসংস্থান, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা জরুরি। বড়পুকুরিয়া কয়লাখনির খনন কার্যক্রমের কারণে ভূকম্পনের সৃষ্টি হলে এলাকার অনেক বাড়িঘরে ফাটল দেখা দিচ্ছে। এতে বসবাসকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মতিয়ার রহমান বলেন, খনি কর্তৃপক্ষকে জরিপ করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে বড়পুকুরিয়ার উত্তর দিকে ৩০০ একর জমি সরকারিভাবে অধিগ্রহণের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা এর আগে বিভিন্ন সময় আন্দোলন করেছি এবং খনি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। শান্তিপূর্ণভাবে এলাকার মানুষের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।’
সভায় আরও বক্তব্য দেন জীবন ও বসতবাড়ি রক্ষা কমিটি, চৌহাটির সাধারণ সম্পাদক মো. বিশা, সাংগঠনিক উপদেষ্টা মো. বাবুল ও সদস্য মো. সাইদুর রহমান। এছাড়া জীবন ও সম্পদ রক্ষাকারী কমিটি, কাজীপাড়ার সভাপতি মো. আশাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, উপদেষ্টা মো. আমিনুল ইসলাম ও সদস্য মো. হাইকুল ইসলাম বক্তব্য দেন।
এ সময় ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রেজওয়ানুল হক, মিজানুর রহমান ও মো. সামিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হামিদপুর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন বাঁশপুকুর, কাজীপাড়া, হামিদপুর ও চৌহাটি—এই চার গ্রামের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ অংশ নেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সান নিউজ/ রাব্বি
