বিশ্বকাপ জিতলে আবার বিয়ের পিঁড়িতে বসবেন—এমন ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন ঢাকাই চিত্রনায়িকা পরীমনি। তবে আর্জেন্টিনার সেই স্বপ্নভঙ্গের রাতেই নিজের ঘোষণারও ইতি টানলেন তিনি। স্পেনের কাছে ফাইনালে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে পরীমনি লিখেছেন, “বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”
রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে বদলি হিসেবে নামা ফেরান তোরেসের দুর্দান্ত গোলে শিরোপা নিশ্চিত করে স্পেন। শেষ মুহূর্ত পর্যন্ত লিওনেল মেসিকে সামনে রেখে মরিয়া লড়াই চালিয়েও সমতায় ফিরতে পারেনি ১০ জনের আর্জেন্টিনা। ফলে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা।
খেলার মাঝখানে এনজো ফার্নান্দেজ পর পর দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় সংখ্যাগত সুবিধা নিয়ে অতিরিক্ত সময় শুরু করে স্পেন।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শুরু হতেই ডান দিক দিয়ে আক্রমণ গড়ে তোলে স্পেন। পেদ্রো পোরোর ক্রস দূরের পোস্টে নিয়ন্ত্রণে নেন নিকো উইলিয়ামস। অসাধারণ দক্ষতায় বলটি নামিয়ে দেন ফেরান তোরেসের সামনে। এক মুহূর্ত দেরি না করে ডান পায়ের জোরালো ভলিতে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন বার্সেলোনা ফরোয়ার্ড।
১০৬ মিনিটের সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা ইতিহাসের মাত্র পঞ্চম ফুটবলার হন তোরেস। ২০১৪ সালে জার্মানির মারিও গ্যোৎসের পর প্রথম বদলি হিসেবে ফাইনালে গোলের কীর্তিও গড়েন তিনি।
আমার বাঙলা/ রাব্বি
