আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক দুর্দান্ত মহাজাগতিক দৃশ্য। আগামী ২৭ থেকে ২৮ আগস্ট হতে যাওয়া চন্দ্রগ্রহণে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও এ সময় চাঁদের বড় একটি অংশ লালচে-কমলা রঙ ধারণ করবে, যা অনেকটা ‘ব্লাড মুন’-এর মতো দেখাবে।
জ্যোতির্বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন স্কাই অ্যাট নাইট-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ২৮ আগস্ট সকাল ১০টা ১৩ মিনিটে চন্দ্রগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের প্রায় পুরো চাকতিকে ঢেকে ফেলবে।
চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলোর তরঙ্গ বেশি ছড়িয়ে দেয়। অন্যদিকে লাল ও কমলা আলোর কিছু অংশ বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের পৃষ্ঠে পৌঁছায়। এ কারণেই গ্রহণের সময় চাঁদকে লালচে বা কমলা রঙের দেখায়।
এই চন্দ্রগ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। চাঁদ পশ্চিম আকাশে অস্ত যাওয়ার সময় ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল থেকেও গ্রহণের আংশিক দৃশ্য দেখা যেতে পারে।
তবে বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য হতাশার খবর রয়েছে। গ্রহণের সর্বোচ্চ পর্যায় বাংলাদেশের স্থানীয় সময় দিনের বেলায় হওয়ায় বাংলাদেশ থেকে এ মহাজাগতিক দৃশ্য দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ।
সান নিউজ/ হুমায়রা
