অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেতা বিজয় বর্মা ও অভিনেত্রী রাধিকা মদন। সম্প্রতি বহুল আলোচিত অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ ৩’-এর প্রচারের অংশ হিসেবে দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই তারকা নিজেদের অভিজ্ঞতা ও ভয়ের কথা শেয়ার করেন।
২০১৬ সালের প্রশংসিত ছবি ‘পার্চড’-এ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার পর তা ফাঁস হয়ে যাওয়ায় অতীতে বেশ আতঙ্কিত হয়েছিলেন রাধিকা আপ্টে। সেই ঘটনার ছায়া যেন এখনো তাড়া করে বেড়ায় অভিনয়শিল্পীদের। ‘লাস্ট স্টোরিজ ৩’-এ আলি ফজলের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন রাধিকা মদন। এমন দৃশ্যে কাজ করার চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, কোনো দৃশ্য ফাঁস হয়ে যাওয়া বা না হওয়া অভিনেতার নিয়ন্ত্রণের বাইরে থাকে। তাই এটি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে নিজের কাজের লক্ষ্য এবং পরিচালক ও নির্মাতাদের উদ্দেশ্যের ওপর ভরসা রাখতে হয়।
রাধিকা আরও যোগ করেন, “যাঁদের দৃষ্টিভঙ্গি বিকৃত, তাঁদের তো আর আটকানো সম্ভব নয়। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় এই ঝুঁকি জেনেই মাঠে নামতে হয়।”
অন্যদিকে, এর আগে ‘লাস্ট স্টোরিজ ২’-এ তৎকালীন প্রেমিকা তামান্না ভাটিয়ার সঙ্গে সুজয় ঘোষের পরিচালনায় একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন বিজয় বর্মা। সেই দৃশ্যও পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এই ধরনের ভয় ও মানসিক চাপ কাটিয়ে ওঠার উপায় সম্পর্কে বিজয় বলেন, “অফস্ক্রিন দর্শক কীভাবে প্রতিক্রিয়া জানাবেন বা দৃশ্যটি কোথায় কোথায় ছড়িয়ে পড়তে পারে, সেই ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হয়। আমরা জানি এই ঝুঁকি রয়েছে, এটিই বর্তমান সময়ের বাস্তবতা। কিন্তু এই ভয়ের কথা মাথায় রাখলে আমি আমার পছন্দমতো কাজ করতে পারব না এবং অভিনেতা হিসেবে নতুন কিছু করার সাহসও হারিয়ে ফেলব।”
আসন্ন ‘লাস্ট স্টোরিজ ৩’ পরিচালনা করছেন চার খ্যাতনামা নির্মাতা—বিক্রমাদিত্য মোটওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা এবং বিশাল ভরদ্বাজ। এই পর্বে বিজয় বর্মা ও রাধিকা মদন ছাড়াও অভিনয় করেছেন আলি ফজল, অদিতি রাও হায়দরি, কঙ্কনা সেন শর্মার মতো জনপ্রিয় তারকারা।
সান নিউজ/রাজীব
