তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সজীবের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহকর্মী নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তারা জানান, মঙ্গলবার বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
নির্মাতা আশিকুর রহমান জানান, হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন মারুফ হোসেন সজীব। কিছুদিন আগে চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আকস্মিকভাবেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই তরুণ নির্মাতা।
নাট্যাঙ্গনে এ সময়ের পরিচিত ও আলোচিত নির্মাতাদের একজন ছিলেন সজীব। পরিচালনার পাশাপাশি নিজের নাটকের গল্পও লিখতেন তিনি। গল্প বলার ধরন, নির্মাণশৈলী ও সৃজনশীল কাজের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হন।
কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময়ে বেশ কিছু সম্মাননাও পেয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।
অল্প বয়সেই নাটক লেখা ও নির্মাণে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন মারুফ হোসেন সজীব। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী নির্মাতা, অভিনয়শিল্পীসহ নাট্যাঙ্গনের অনেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সান নিউজ/ রাব্বি
