সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ায় এর প্রতিবাদ ও সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ বিষয়ে কথা বলেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এস এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, সচিবালয় একটি নির্বাহী জায়গা। সেখানে রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার নজির অতীতে দেখা যায়নি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সচিবালয়ে আয়োজনের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দলটি গণতন্ত্রকে কীভাবে দেখছে।
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বাছাই নিয়েও সমালোচনা করেন আযাদ। তিনি বলেন, বিএনপি এখনো কাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করবে, তা নিয়ে সংকটে রয়েছে। যোগ্য প্রার্থী দিতে না পারাকে তিনি দলটির ‘দৈন্যতা’ হিসেবে উল্লেখ করেন।
জামায়াতের এই নেতা বলেন, এ অবস্থায় ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ একজন যোগ্য প্রার্থী। সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে অলি আহমদই জয়ী হতেন বলে দাবি করেন তিনি।
আযাদ আরও বলেন, গত পাঁচ-ছয় মাসের কার্যক্রমে বিএনপির মধ্যে অতীতের তুলনায় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, বিএনপি পরিবর্তন চায় না বলেই কাঙ্ক্ষিত পরিবর্তন হচ্ছে না।
এদিকে ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রস্তাবক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল্লাহ আল আমিন সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন।
সান নিউজ/ হুমায়রা
