নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরতে নির্মিত হয়েছে রোম্যান্টিক কমেডি ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব-দিয়া’স লাভ জার্নি)। নতুন এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নবাগত অভিনয়শিল্পী সাদ সালমি নাওভী ও লাবণ্য চৌধুরী।
‘মিশন ডিডিএলজে’ নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ হয়েছে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন গ্রামীণ ও মনোরম লোকেশনে। নাওভী ও লাবণ্য ছাড়াও এতে অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুঁই, আরমান মাহমুদ ও শওকত শোভন।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘মিশন ডিডিএলজে’ নামটির পেছনে রয়েছে একটি বিশেষ ‘হিডেন স্টোরি’ বা গোপন রহস্য। সেই রহস্য জানতে দর্শকদের দেখতে হবে পুরো ওয়েব ফিল্মটি।
নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, “নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য চমৎকার অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে আশা করছি। নব্বইয়ের দশকের ভালোবাসার আবেগকে আধুনিক নির্মাণশৈলীতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, দর্শক এতে অন্যরকম আনন্দ পাবেন।”
ওয়েব ফিল্মটির নির্বাহী প্রযোজক আশেক হোসেন তন্ময় জানান, এরই মধ্যে শুটিং ও পোস্ট প্রোডাকশনের সব কাজ শেষ হয়েছে। সব প্রস্তুতি শেষে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মিশন ডিডিএলজে’র।
সান নিউজ/ জামান
