বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’ সিনেমার প্রথম ট্রেইলার প্রকাশ করেছে সনি। জনপ্রিয় জুমানজি সিরিজের তৃতীয় এবং সম্ভাব্য শেষ কিস্তিতে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে ডোয়েন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও কারেন গিলানকে।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ২০১৯ সালের ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’-এর সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে নতুন এই ছবি। আগের দুটি সিনেমা বিশ্বজুড়ে ১৭০ কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করে বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা পেয়েছিল।
নতুন কিস্তিতেও দর্শকরা পাবেন অ্যাকশন, রোমাঞ্চ, হাস্যরস এবং চরিত্র বদলের পরিচিত সব মজার মুহূর্ত। ভিডিও গেমভিত্তিক গল্পে আগের মতোই মূল চরিত্রে অভিনয় করেছেন ডোয়েন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও কারেন গিলান।
এবারও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ড্যানি ডিভিটো, নিক জোনাস, অকওয়াফিনা, মারিন হিঙ্কল, বেবে নিউওয়ার্থ, লামর্ন মরিস ও রিস ডার্বি। পাশাপাশি নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ড্যান হিলডেব্র্যান্ড ও জ্যাক জুকস।
ছবিটি পরিচালনা করেছেন জেক কাসদান। তার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন জেফ পিঙ্কনার ও স্কট রোজেনবার্গ। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ম্যাট টলম্যাচ, ডোয়েন জনসন, ড্যানি গার্সিয়া, হিরাম গার্সিয়া এবং জেক কাসদান।
প্রথমে সিনেমাটি ১১ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে মুক্তির সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বড়দিন উপলক্ষে এটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
উল্লেখ্য, নতুন জুমানজি সিরিজটি ১৯৯৫ সালের জনপ্রিয় চলচ্চিত্রের আধুনিক ধারাবাহিকতা। সেই ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত রবিন উইলিয়ামস ও কিরস্টেন ডানস্ট। নতুন সিরিজে ঐতিহ্যবাহী বোর্ড গেমের পরিবর্তে ভিডিও গেমকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। বড়দিনে মুক্তি পাওয়ায় ছবিটি ‘ডিউন: পার্ট থ্রি’ এবং ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর মতো বড় বাজেটের সিনেমার সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতায় নামবে।
সান নিউজ/ তালহা
