জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী উদীয়মান ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে দারুণ অবদান রাখা এই তরুণ ফুটবলারকে আসন্ন মূল জাতীয় দলের সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
টুর্নামেন্টে রোনান সুলিভানের অংশগ্রহণ নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও অবশেষে তা দূর হয়েছে। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম।
তিনি জানান, আগামী ১৮ অক্টোবরের খেলোয়াড় নিবন্ধনের শেষ সীমার আগেই রোনান দলে যোগ দিচ্ছেন এবং সুলিভানকে মূল স্কোয়াডেই রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের স্কোরিংয়ে যে দুর্বলতা রয়েছে, রোনানের অন্তর্ভুক্তি তা কাটিয়ে উঠতে বড় সহায়ক হবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
বয়সভিত্তিক দলের সফল পারফরম্যান্স : এর আগে গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন রোনান।
বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে রোনান সুলিভানের একটি নান্দনিক ফ্রি-কিক গোল ও হেড থেকে গোল নজর কাড়ে সবার। এছাড়া ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়লাভের পথেও নিজের শট জালে জড়ান এই তরুণ। বয়সভিত্তিক প্রতিযোগিতায় এমন উজ্জ্বল পারফরম্যান্সই রোনান সুলিভানকে এবার জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে জায়গা করে দিল।
ঢাকার মাঠে আসন্ন সাফ টুর্নামেন্ট : আগামী ৪ থেকে ১৭ নভেম্বর রাজধানী ঢাকায় পর্দা উঠবে দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসর সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম সংস্করণ। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের আসরে অংশ নিতে পারছে না নেপাল, ফলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ছয়টি দল নিয়ে।
স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী হিসেবে আছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্বের লড়াই শেষে আগামী ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের নিষ্পত্তি হবে।
জুনিয়র পর্যায়ে দেশের জন্য ট্রফি জেতানো রোনান সুলিভান এবার লাল-সবুজের সিনিয়র জার্সিতে কতটা ঝলক দেখাতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।
সান নিউজ / রাজীব
