শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তার ফাউন্ডেশন শুক্রবার (১ মে) জানায়, মোহাম্মদি দু’বার সম্পূর্ণভাবে অজ্ঞান হয়ে পড়েন এবং গুরুতর হৃদরোগজনিত সংকটে ভুগছিলেন।
বিবৃতিতে বলা হয়, ‘কারাগারের চিকিৎসকেরা তার অবস্থাকে সেখানে সামাল দেওয়া সম্ভব নয় বলে মনে করায়, বাধ্য হয়ে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও আগেই পরামর্শ দেওয়া হয়েছিল যে, তেহরানে তার বিশেষজ্ঞ চিকিৎসক দলের অধীনে চিকিৎসা নেওয়া উচিত।’
ফাউন্ডেশন আরও জানায়, শুক্রবার উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে তিনি দু’বার অজ্ঞান হয়ে পড়েন।
আইনজীবীদের মতে, গত মার্চের শেষ দিকে তিনি সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ঘটনার কয়েক দিন পর আইনজীবীরা তাকে দেখতে গেলে দেখা যায়, তিনি খুব ফ্যাকাশে ও দুর্বল হয়ে পড়েছেন এবং হাঁটার জন্য একজন নার্সের সহায়তা নিচ্ছেন
৫৩ বছর বয়সি মোহাম্মদিকে গত ১২ ডিসেম্বর পূর্ব ইরানের মাশহাদ শহরে সফরের সময় গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাবন্দি।
ফেব্রুয়ারিতে তাকে সাত বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়। তার আইনজীবী জানান, এর মধ্যে ছয় বছরের সাজা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে দেওয়া হয়েছে।
মোহাম্মদির পরিবার ফেব্রুয়ারিতে জানায়, কারাগারে তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
তাদের অভিযোগ, ডিসেম্বর মাসে গ্রেপ্তারের সময় তিনি মারধরের শিকার হন। কয়েকজন ব্যক্তি তার শরীরের পাশ, মাথা ও ঘাড়ে আঘাত করে।
ফেব্রুয়ারিতে নোবেল কমিটি এক বিবৃতিতে মোহাম্মদির প্রতি চলমান জীবন-হানিকর নির্যাতনের নিন্দা জানায়।
সাননিউজ/আরএ
