সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে নারীসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সাভার মডেল থানার বাড্ডা ভাটপাড়া ও দক্ষিণ রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- সাভারের পোড়াবাড়ি বেদেপাড়া এলাকার রুঞ্জু বেগম (৬০), রাজাশন এলাকার জাহিদুল ইসলাম (৩৫), চাঁদপুরের মতলব উত্তর থানার লদুয়া এলাকার শফিকুল ইসলাম সাগর (২৬) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার চিংড়ীখালী এলাকার লামিয়া (২০)। তাঁরা সবাই সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে বাড্ডা ভাটপাড়া এলাকা থেকে রুঞ্জু বেগমকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দক্ষিণ রাজাশন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম সাগর ও লামিয়াকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার করা ১০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
সাননিউজ/বান্না
