মব সৃষ্টি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্তা, হুমকি ও পদত্যাগে বাধ্য করার অভিযোগে সজীব তালুকদার (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গাইবান্ধা সদর উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ২৭ অক্টোবর গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের মাহমুদবাগ ইসলামিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে একদল যুবক প্রবেশ করে। তারা জোবায়ের হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে বয়স কমানোর দাবি জানায়। এনিয়ে তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা কার্যালয়ের সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। এরপর নানা ধরনের হুমকি দেয় এবং মব সৃষ্টি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় বিদ্যালয়ের প্রয়োজনীয় চাবির গোছা ছিনিয়ে নেয়। জোর করে সাদা কাগজে তার স্বাক্ষর গ্রহণ করে। পরে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে সজীব তালুকদার (৩৪), জোবায়ের হোসেন (১৬), মো. কাউসার (২২), জনি মিয়া (২৫) ও গালিবের (২৫) নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় সজীব তালুকদারকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বলেন, সজীবকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাননিউজ/বান্না
