সাকিব আল হাসান ভালো ক্রিকেটার হলেও ‘নষ্ট ও পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি জবাবটা দিন।’
এরপর সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ।’ শেখ হাসিনার সঙ্গে সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততার সমালোচনা করে তিনি বলেন, যারা এখনও তার সঙ্গে ‘অ্যালাইনড’ থেকে কথা বলেন, তাদের বক্তব্যকে তিনি সমর্থন করেন না।
সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার তাকে নিরাপত্তা দেবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, সাকিব বাংলাদেশে ফিরবেন মামলা, আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে। এ ক্ষেত্রে তার নিরাপত্তা নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে!’
তিনি আরও বলেন, ‘উনি আসবেন এবং উনার যা যা অভিযোগ আছে, উনি নিরাপত্তার মাধ্যমেই ফেস করবেন। সেখানে যা যা আইনগত ব্যাপার আছে, সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না।’
সাকিবের বিভিন্ন বক্তব্যকে সরকারের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থেকে দেওয়া সাকিবের বক্তব্যগুলো সরকারের বিরুদ্ধে প্রচারণার অংশ।
এ সময় শেখ হাসিনার প্রসঙ্গও টানেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনাও বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব অধিকার পাবেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন এবং আদালত যে সিদ্ধান্ত দেবে, তা সবাইকে মেনে নিতে হবে।
সান নিউজ/ জামান
