পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) বিরুদ্ধে লাহোর হাইকোর্টে করা মোহাম্মদ রিজওয়ানের আবেদন খারিজ হয়ে গেছে। প্রধান বিচারপতি আলিয়া নীলম এই আবেদন খারিজ করায় এই উইকেটকিপার-ব্যাটারর ওপর চাপ আরও বহুগুণ বেড়ে গেছে।
আইনজীবী কাজি উমর আলি আদালতে জানান, রিজওয়ানকে পাকিস্তানে ফেরার পর নোটিশ পাঠানো হলেও এর আগে লন্ডনে থাকাকালীন কোনো নোটিশ ছাড়াই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ফোন জমা নেওয়া হলেও তা আর ফেরত দেওয়া হয়নি। এছাড়া গড়াপেটার অভিযোগে আইসিসির তদন্ত করার কথা থাকলেও এনসিসিআইএর তদন্তের অধিকার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে তার এই যুক্তি আদালতে ধোপে টেকেনি।
আদালতের এই রায়ের পর রিজওয়ানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে পিসিবি। এনসিসিআইএর তদন্ত প্রতিবেদন হাতে পেলেই রিজওয়ান ও ইমাম-উল-হকের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, যার ফলে দেশের জার্সিতে তাদের ক্রিকেট ক্যারিয়ারের ইতিও ঘটতে পারে।
আমার বাঙলা/রাজীব
