মুন্সীগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসেন মণ্ডল ওরফে ‘গাঁজা মনির’ (৪৮) কে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ৮ টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের মাদবর বাড়ির মোড়ের আল-আমিন ইলেকট্রনিক্স দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় পরিচালিত মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় মনির হোসেন মণ্ডলের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার এবং একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মনির হোসেন মণ্ডল ওরফে ‘গাঁজা মনির’ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/ জামান
