ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) -এর খ্যাতিমান পরিবেশ বিশেষজ্ঞ ড. ফরিদ লামারা আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। একই সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মি. নিউম্যান ম্যাক্স এসময় তাঁর সঙ্গে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠককালে ফরাসি উন্নয়ন সংস্থার সহযোগিতায় ‘বাংলাদেশে মানবাধিকার ও জলবায়ু নীতি’ শীর্ষক একটি গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করবে।
বৈঠকে গবেষণা প্রকল্পের জন্য তথ্য সংগ্রহের এমন একটি কাঠামো তৈরির বিষয়েও আলোচনা করা হয়, যা জলবায়ু পরিবর্তন কীভাবে মানবাধিকারকে প্রভাবিত করছে – তার সুশৃঙ্খল পর্যবেক্ষণে সহায়তা করতে পারে। সরকার, সুশীল সমাজ ও শিক্ষাঙ্গন-সহ বিভিন্ন পক্ষ এই কাঠামোটি ব্যবহার করতে পারবে বলেও তাঁরা মত প্রকাশ করেন।
গবেষণা প্রকল্পটি পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গবেষণা কমিটি ও বৈজ্ঞানিক কমিটি গঠনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। পাশাপাশি, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্রকৃতি, জলবায়ু পরিবর্তন ও নদী দূষণ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফরাসি উন্নয়ন সংস্থার মধ্যে আরও যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই প্রকল্প গ্রহণের উদ্যোগের জন্য ফরাসি বিশেষজ্ঞকে ধন্যবাদ জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে ফরাসি উন্নয়ন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ ফলাফল কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফরাসি উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। এছাড়া, গবেষণার মাধ্যমে দেশের নদীসমূহকে রাসায়নিক দূষণমুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও উপাচার্য গুরুত্বারোপ করেন।
সাননিউজ/ বান্না
