ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক’ বা নীতিনির্ধারণী পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পরিবর্তনের অংশ হিসেবে দেশটির কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার জোরালো গুঞ্জন উঠেছে।
সম্প্রতি ইসলামাবাদে বসবাসকারী শোয়েব পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শোয়েবের বড় ভাইয়ের প্রয়াণের পর পিসিবি চেয়ারম্যান ব্যক্তিগতভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন, যা দুইজনের মধ্যকার সম্পর্কের বরফ গলাতে বড় ভূমিকা রেখেছে। এর আগে পিসিবির বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করলেও বর্তমান চেয়ারম্যানের পরিকল্পনা ও আন্তরিকতায় বেশ প্রভাবিত হয়েছেন এই সাবেক গতিদানব।
বৈঠকে পিসিবি প্রধান নিজের ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি শোয়েবকে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) এবং বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনের আমন্ত্রণ জানান। সূত্রমতে, বোর্ডের পক্ষ থেকে শোয়েবকে বড় কোনো পদে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে বৈঠকে নিজের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা ও শর্তের কথাও তুলে ধরেছেন শোয়েব আখতার, যা বাস্তবায়িত হলে দেশের ক্রিকেট উপকৃত হবে বলে তিনি বিশ্বাস করেন।
শুধু শোয়েব আখতারকে যুক্ত করাই নয়, সামগ্রিক কোচিং স্টাফেও বড় রদবদলের পথে হাঁটছে পিসিবি। সম্প্রতি ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও ব্যাটিং কোচ অ্যাশলি নফকের বিদায়ের পর বেশ কয়েকজন বিদেশি কোচ ও পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি, নারী জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদে একজন স্থায়ী প্রধান কোচ খোঁজার কাজও শুরু করেছে বোর্ড।
উল্লেখ্য, সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান পুরুষ দল। জাতীয় পুরুষ দল, নারী দল এবং জুনিয়র দলগুলোর আশানুরূপ পারফরম্যান্স না থাকায় বোর্ডের শীর্ষ মহল থেকে এই পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সান নিউজ/রাজীব
