কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা, চলমান কার্যক্রম, অবকাঠামো, পরিচালন ব্যবস্থা ও নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া জাতীয় অর্থনীতিতে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ভূমিকা এবং দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের গুরুত্ব নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রটি দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো। কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে মাতারবাড়ী এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
আমার বাঙলা/ রাব্বি
