“তারুণ্যের অংশগ্রহণ, পল্লী উন্নয়নের সমাধান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি তাঁর বক্তব্যে বলেন, পল্লী উন্নয়ন দেশের সার্বিক উন্নয়নের অন্যতম ভিত্তি। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচির পাশাপাশি তরুণ সমাজকে পল্লী উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর গ্রাম গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ সময় পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে গ্রামীণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
আমার বাঙলা/ রাব্বি
