ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম পরিচালিত হয়েছে, তা দেশজুড়ে এক গভীর মানবাধিকার সংকটের সৃষ্টি করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় ১৩ কোটি মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা। বার্তা সংস্থা রয়টার্সের একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হয়েছে কীভাবে প্রশাসনিক এই পদক্ষেপকে হাতিয়ার করে বহু বৈধ ভারতীয় নাগরিককেও জোরপূর্বক বিদেশি তকমা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।
সাহিদা ফকিরের করুণ পরিণতি: চোখের পলকে পরিচয় কেড়ে নেওয়া :
মুম্বাইয়ের বাসিন্দা ৩৮ বছর বয়সী সাহিদা ফকিরের স্বাভাবিক জীবন এক লহমায় ওলটপালট হয়ে যায়। পরিবারের রান্নার জন্য সবজি কিনতে বাসা থেকে বের হওয়ার পর সাদা পোশাকের কিছু লোক তাকে ঘিরে ধরে এবং বিনা নোটিশে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। কোনো আইনি প্রক্রিয়া বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, গভীর রাতে সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

অথচ সাহিদার পরিবারের শিকড় ভারতে অত্যন্ত গভীরভাবে প্রোথিত। ১৯৫২ সালের ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরে তার মা-বাবা ও দাদা-দাদির নাম ভোটার তালিকায় নিবন্ধিত ছিল। সাহিদা নিজের কাছেও অন্তত ২০০৮ সাল থেকে নিয়মিত ভোটার আইডি কার্ড ছিল। মুম্বাই পুলিশ আদালতে দাবি করেছিল যে সাহিদা জিজ্ঞাসাবাদের সময় একটি বাংলাদেশি জন্মসনদ দেখিয়েছিলেন এবং তিনি ভারতীয় নাগরিকত্বের পক্ষে বৈধ নথিপত্র দিতে ব্যর্থ হন। তবে সাহিদার দাবি, তার ফোনটি জব্দ করার কারণে সঙ্গে থাকা নথিপত্রের ডিজিটাল কপি দেখানোর কোনো সুযোগই তাকে দেওয়া হয়নি। বর্তমানে তার স্বামী ভারতের সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, যেখানে সাহিদার ভাগ্য ঝুলছে চরম অনিশ্চয়তার মধ্যে।
কর্মক্ষেত্র থেকে আটককেন্দ্র: নাসিরুদ্দিনের ভয়াবহ অভিজ্ঞতা :
শুধু সাহিদা নন, ছত্তিশগড়ে কাজের সন্ধানে যাওয়া বাসনপত্র বিক্রেতা নাসিরুদ্দিন শেখেরও ভাগ্যে জুটেছিল একই ধরনের নির্মম অভিজ্ঞতা। ভোটার তালিকায় নাম না থাকার অজুহাতে পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে। দীর্ঘ ৩২ দিন তাকে এমন এক আটককেন্দ্রে আটকে রাখা হয় যা কার্যত একটি কারাগারের সমতুল্য ছিল। নাসিরুদ্দিনের ভাষ্যমতে, এক পুলিশ কর্মকর্তা তাঁকে সরাসরি বলেছিলেন, ভোটার তালিকায় নাম না থাকার অর্থ হলো তিনি একজন অবৈধ বাংলাদেশি। যদিও পুলিশ প্রশাসন ও রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করেছে যে পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটককেন্দ্রের অস্তিত্ব নেই, তবুও মুর্শিদাবাদে একটি কড়া নিরাপত্তাবেষ্টিত অস্থায়ী আটককেন্দ্রের উপস্থিতি এবং সেখানে পরিবারের সদস্যদের কান্নাকাটি করার বাস্তব চিত্র অন্য কথাই বলে।
রাজনৈতিক উচ্চাভিলাষ ও নির্বাচনী অঙ্ক :
এই পুরো এসআইআর কার্যক্রমের মূল রাজনৈতিক অভিপ্রায় স্পষ্ট হয়ে ওঠে গত নভেম্বরে হরিয়ানার এক জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে। তিনি খোলাখুলি ঘোষণা দেন যে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে তাদের নাম চিরতরে মুছে ফেলা এবং পরবর্তীতে তাদের দেশ থেকে বহিষ্কার করাই বিজেপির মূল লক্ষ্য।
এই নীতির প্রধান পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হয়েছে পশ্চিমবঙ্গকে। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যে প্রায় ৯০ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে ফেলা হয়। কলকাতাভিত্তিক ‘সবর ইনস্টিটিউট’-এর পরিসংখ্যান অনুযায়ী, বাদ পড়া এসব নামের প্রায় ৭০ শতাংশই ছিল মুসলিম সম্প্রদায়ভুক্ত, অথচ রাজ্যে মুসলিমদের মোট জনসংখ্যা মাত্র ২৭ শতাংশ। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে এই বিপুলসংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার ঘটনা রাজনৈতিক সমীকরণকে নিজেদের পক্ষে নিতে বড় ধরনের ভূমিকা রেখেছিল।
আইনি মারপ্যাঁচ ও অন্তহীন অপেক্ষা :
বর্তমানে ভারতের উচ্চ আদালতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা বিচারাধীন রয়েছে। ট্রাইব্যুনালগুলোর কাজের ধীরগতির কারণে ভুক্তভোগী সাধারণ মানুষ মাসের পর মাস ন্যায়বিচারের আশায় প্রহর গুনছেন। মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করছেন যে, যথাযথ যাচাই-বাছাই না করে কেবল প্রশাসনিক দাবির মুখে নাগরিকদের দেশছাড়া করার এই ধারা ভারতীয় সংবিধান ও মৌলিক অধিকারের পরিপন্থী। সাহিদা ফকির কিংবা নাসিরুদ্দিন শেখের মতো মানুষেরা এখন কেবল নিজেদের নাগরিকত্ব ফিরে পাওয়ার লড়াইয়ে আইনি জাঁতাকলে পিষ্ট হচ্ছেন।
সান নিউজ / রাজীব
