মৌলভীবাজার জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং বাড়িতে বাড়িতে অভিযানের প্রতিবাদে পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম চৌধুরী (তুষার)।
এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ্ মোস্তফা বাগদাদী (রহ.)-সহ অসংখ্য পীর-আউলিয়া ও দরবেশের স্মৃতিধন্য এই পুণ্যভূমিতে নিরীহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে সম্পূর্ণ অন্যায়ভাবে অবৈধ মামলা বা মামলা ছাড়াই গণ-গ্রেপ্তার করা হচ্ছে। সেই সাথে প্রত্যেকের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আনিসুল ইসলাম চৌধুরী (তুষার) বলেন, ‘অবিলম্বে দমন-পীড়ন, গণ-গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করুন। মনে রাখবেন, অন্যায়েরও একটা সীমা আছে! মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
তিনি মৌলভীবাজারের পুলিশ সদস্যদের ‘ভাই ও স্বজন’ হিসেবে সম্বোধন করে জেলার শান্তি ও সম্প্রীতি রক্ষা করার আহ্বান জানান। পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের হ/ত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিও জানান এই নেতা।
অভিযোগ ও বক্তব্যের বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাননিউজ/বান্না
