ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা।
বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে কাজ বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ ছাড়া দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন উভয় পক্ষ। একই সঙ্গে নতুন ও সম্ভাবনাময় খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা হয়।
সান নিউজ/ রাব্বি
