বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সহকারী একান্ত সচিব জাহেদুল আলম।
তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সম্পর্ক এবং চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দুই দেশের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সাক্ষাৎকালে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
আমার বাঙলা/ রাব্বি
