বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি, ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মনিরা জেসমিন, বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক, সামরিক স্টাফ কর্পোরাল মোহাম্মদ মাজেদুল ইসলাম ও কর্পোরাল মো. মেহেদী হাসান।
পরে কলেজ থেকে একটি ডেঙ্গু সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরা অংশ নেন।
এর আগে সকালে কলেজের একাডেমিক ভবনের সামনে দশটি ঔষধি গাছের চারা রোপণ করেন অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।
মহাস্থান রেজিমেন্ট, রাজশাহীর পৃষ্ঠপোষকতায় এবং নীলফামারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক জানান, সারাদেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
আমার বাঙলা/ রাব্বি
