ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে প্রকাশ্যে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত এক যুবকের বিরুদ্ধে। এ সময় গাড়িতে তার সঙ্গে এক তরুণীও ছিলেন বলে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে ওই যুবক ও তরুণী গাড়িতে করে গোপালগঞ্জের দিকে চলে যান। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ঘটনার পর ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেরুন রঙের একটি প্রাইভেটকারের চালকের আসনে থাকা যুবককে উত্তেজিত অবস্থায় দেখা যায়। এ সময় পাশে থাকা এক তরুণী তাকে থামানোর চেষ্টা করছিলেন।
ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে ওই যুবক গাড়ির জানালা দিয়ে মাথা ও হাত বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তিকেও দ্রুত সেখান থেকে সরে যেতে দেখা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, “ভিডিওটি আমাদের হাতে এসেছে। তবে এটি ভাঙ্গা এলাকার ঘটনা কি না, তা যাচাই করা হচ্ছে। ঘটনা ভাঙ্গায় ঘটে থাকলে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
প্রত্যক্ষদর্শী হাসান আমিন জানান, একটি প্রাইভেটকারে ওই যুবক ও এক তরুণী ঢাকার দিক থেকে এসে হাইওয়ে থানার সামনে সড়কের ওপর গাড়ি থামান। স্থানীয় এক যুবক তাদের গাড়িটি সড়কের পাশে পার্ক করার অনুরোধ করলে এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়।
তার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে স্থানীয় ওই ব্যক্তিকে থাপ্পড় দেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে গাড়িতে থাকা যুবক নিজেকে ‘কমিশনারের ভাগ্নে’ পরিচয় দিয়ে একটি ব্যাগ থেকে পিস্তল বের করেন এবং গালিগালাজ করতে করতে কয়েক রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ করেন তিনি।
হাসান আমিন আরও জানান, গুলির শব্দে মহাসড়কের পথচারী ও আশপাশের দোকানিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে ওই যুবক ও তরুণী গাড়ি নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক ধরে গোপালগঞ্জের দিকে চলে যান। প্রত্যক্ষদর্শীর দাবি, তারা দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। ঘটনার সময় থানার আশপাশে কোনো টহল দল ছিল না। পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি।”
পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ও অন্যান্য তথ্য যাচাই করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
আমার বাঙলা/ রাব্বি
