গায়ে হলুদের হলুদ সাজে একসঙ্গে দেখা গেল অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাফা কবিরকে। হলুদ পোশাকে বন্ধুদের সঙ্গে তাদের উপস্থিতি দেখে অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো নতুন কোনো নাটকের দৃশ্য কিংবা বাস্তব কোনো পারিবারিক আয়োজন। তবে বিষয়টি আসলে তেমন নয়।
সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে বর-কনের গায়ে হলুদের আবহে হাজির হয়েছেন তৌসিফ ও সাফা। বিয়ের বিভিন্ন আয়োজনের পোশাক তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটির প্রচারণার অংশ হিসেবেই নির্মাণ করা হয়েছে ভিডিওটি।
একটি রিসোর্টে ধারণ করা বিজ্ঞাপনচিত্রে সাফাকে দেখা গেছে রঙিন নকশার হলুদ লেহেঙ্গায়। অন্যদিকে তৌসিফের পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও কুর্তি। তাদের সঙ্গে ছিলেন আরও কয়েকজন তরুণ-তরুণী। পুরো আয়োজনজুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মাত্র দুই দিনেই এর ভিউ প্রায় সাড়ে চার লাখ ছাড়িয়েছে। অনেকেই তৌসিফ-সাফার রসায়নের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ দৃশ্যটিকে নাটকের অংশ বলে মনে করেছেন।
তৌসিফ ও সাফার বন্ধুত্বের গল্প অবশ্য নতুন নয়। শোবিজে তাদের যাত্রা প্রায় একই সময়ে শুরু হলেও এর আগে থেকেই দুজনের পরিচয় ও বন্ধুত্ব। সম্প্রতি বন্ধুদের সঙ্গে সিলেটেও ঘুরে এসেছেন তারা।
গত ২৭ অক্টোবর ছিল তৌসিফের জন্মদিন। বিশেষ দিনটি স্ত্রী ও বন্ধুদের সঙ্গে সিলেটে উদ্যাপন করেন তিনি। সেই সফরে তৌসিফ ও সাফার পাশাপাশি ছিলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং সৈয়দ জামান শাওন। যাওয়ার পরিকল্পনা থাকলেও ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত যেতে পারেননি অভিনেতা সিয়াম আহমেদ।
সিলেট ভ্রমণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তৌসিফ বন্ধুত্ব নিয়ে আবেগঘন একটি বার্তাও দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘বয়স বাড়ে, সময় বদলায়, জীবনের হিসাব বদলে যায়। কিন্তু কিছু বন্ধুত্ব মনে করিয়ে দেয়, জীবনে এখন অনেক কিছু সুন্দর আছে।’
অন্যদিকে, কাজের ব্যস্ততাও রয়েছে তৌসিফের। সামনে তাকে দেখা যাবে নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’-তে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।
সান নিউজ/ রাব্বি
