ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল স্কলার ইয়ান হে (Yan He)। আজ মঙ্গলবার সকালে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় আইসিডিডিআরবির সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ডা. অপূর্ব অহম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে বায়ুদূষণ ও সিসার উপস্থিতি এবং জনস্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে চলমান গবেষণা কার্যক্রম, তথ্য-উপাত্ত সংগ্রহ, নমুনা বিশ্লেষণ এবং ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় ইয়ান হে বাংলাদেশে পরিচালিত ‘Project Unleaded’ এবং ‘Airborne Lead Study’ গবেষণা কার্যক্রমের বিষয়ে প্রো-ভাইস চ্যান্সেলরকে অবহিত করেন। এ গবেষণার আওতায় দেশের বিভিন্ন এলাকায় বায়ু ও পরিবেশে সিসাসহ অন্যান্য ভারী ধাতুর উপস্থিতি এবং বায়ুদূষণের মাত্রা নিরূপণে নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল, ইটভাটা ও দেশের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে নমুনা সংগ্রহের সম্ভাব্য স্থান নির্ধারণ এবং বায়ুর মান পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বায়ুমান পর্যবেক্ষণ ও গবেষণার তথ্য-উপাত্ত ব্যবহার, বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহের যন্ত্র স্থাপন এবং সংগৃহীত তথ্যের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে গবেষণার মান ও নির্ভরযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি বায়ুদূষণের স্বাস্থ্যগত প্রভাব, বিশেষ করে মানুষের শ্বাস-প্রশ্বাস ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব নিরূপণে সমন্বিত গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুস সালাম এ ধরনের গবেষণার গুরুত্ব তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও গবেষকদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের যৌথ উদ্যোগ পরিবেশদূষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর গবেষণা এবং নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।
সাননিউজ/বান্না
