ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড়ের জালকুড়ি এলাকায় শ্রমিক ও বহিরাগতদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে সড়কে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। এতে সাংবাদিক ও পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে জালকুড়ি এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৫ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চাজ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। বিজিবি ও পুলিশের ধাওয়া মুখে শ্রমিকরা সড়ক থেকে সরে যেতে বাধ্য হয়। পরে সড়কে আটকে পরা যানবাহন চলাচল শুরু হয়েছে।
বেলা আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার বিভিন্ন কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা শিবু মার্কেট এলাকায় জড়ো হন। আন্দোলনে আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকেরা অংশ নেন।
স্থানীয়রা জানায়, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকরা কাজে না ফিরে কারখানার সামনে অবস্থান নেন। কিছুক্ষণ পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করলে আরও শ্রমিক রাস্তায় নেমে আসে বলে জানান শ্রমিকেরা। কিছুক্ষণের মধ্যে আশপাশের অন্য কারখানার শ্রমিকেরাও সেখানে এসে যোগ দেন।
এসময় শ্রমিকদের সড়কে প্রবেশ ঠেকাতে শিবু মার্কেট এলাকায় পুলিশ বাঁধা দিলেও তা অতিক্রম করে তারা মূল সড়কে উঠে পড়েন। একপর্যায়ে লিংক রোডের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে যানবাহন। এতে অবরোধকারী শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘষ হয়। বহিরাগত ও শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ বাধ্য হয়ে লাঠিচাজ ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘষে সাংবাদিক ও পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। সন্ধ্যা সাড়ে ৫টায় সড়কে থেকে অবরোধকারীরা চলে গেছে। যানবাহন চলাচল করছে।
সাননিউজ/বান্না
