মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের অগণিত শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি তুলে ধরে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
আমার বাঙলা/ রাব্বি
