সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদ, বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি এবং বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের সমন্বয়ে গঠিত জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তাগণ বলেন, নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষায় প্রয়োজনে ঢাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কতিপয় সুবিধাবাদী ব্যক্তি আলেম ও কাজী সমাজের সাথে সরকারের দুরত্ব ও বিরোধ সৃষ্ঠিতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তারা অভিযোগ করেন।
শনিবার (২২ আগস্ট ২০২৬) সকালে চট্রগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে মাওলানা কাজী মুহিউদ্দীন সাদেকের সঞ্চালনায় ও জোটের যুগ্ম-আহবায়ক ও বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের সভাপতি ছৈয়দ মুহাম্মদ আবু সাইদ-এতে সভাপতিত্ব করেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের আহবায়ক, বাংলাদেশ কাজী সমিতির সভাপতি ও পল্লবী থানা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী ডক্টর এ.এস.এম কাদের কিবরীয়া, প্রধান আলোচক ছিলেন জোটের মুখপাত্র ও মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর এবং বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি ও জোটের সদস্য সচিব কাজী মোজাম্মেল হোসাইন।
সমাবেশে কাজী হাফিজ আহমদ মোর্শেদ, কাজী মো. আবু তাহের, কাজী মাওলানা আবদুর রহমান, কাজী মাহমুদুল হাসান ফুয়াদ, কাজী আবুল বশর , কাজী মুফতি শাকের আহমদ, অ্যাডভোকেট কাজী শরীফ উদ্দিন খন্দকারসহ চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, থানা, ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারগণ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সময়ে সারাদেশে নিকাহ রেজিস্ট্রারদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। বিধিবহির্ভূত ভাবে এমপিদের ডিও লেটারের প্রভাবে এবং অর্থের বিনিময়ে স্বয়ং এমপি সাহেবরা মন্ত্রণালয়ে এসে সরাসরি তদবির করে অনেক ইউনিয়ন টুকরো টুকরো করে একই অধিক্ষেত্রে একাধিক নতুন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে।
এতে আয় রোজগার কমে যাওয়ায় ঐ সকল এলাকার নিকাহ রেজিস্ট্রারগণ অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছে।
অন্যদিকে অধিক্ষেত্র বিষয়ক অনেক মামলা এখনো হাইকোর্টে চলছে। ফলে কাজী সাহেবদের ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছে। বর্তমানেও কাজী সাহেবদের এলাকা কর্তন করিয়ে তাদেরকে ভিকটিম বানিয়ে বহুল জনপ্রত্যাশিত ও আলেম প্রেমিক বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ ও আলেম ওলামাদের সাথে সরকারের মনস্তাত্ত্বিকভাবে দ্বন্দ্ব সৃষ্টি করার গভীর ষড়যন্ত্র চলছে।
জনবান্ধব ও আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল বর্তমান সরকার নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র কর্তন করে আলেম ওলামাদের রিজিকে আঘাত আসে এমন কিছু করবেনা বলে আশাবাদ ব্যক্ত করেন কাজী সমাজের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
আমার বাঙলা /এস.টি
