মঙ্গলবার (২১ জুলাই) ভোরে রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোডের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের আট বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিস্ফোরণের ঘটনা ঘটে বাসার ভেতরে গ্যাস জমে থাকার ফলে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের তিন সদস্য দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস লাইনের লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে যায়। এরপর বৈদ্যুতিক সুইচ অন করার সঙ্গে সঙ্গে সৃষ্ট স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
আমার বাঙলা/ তালহা
