রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৭২ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১৪৪ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে একটি পানির মোটর, পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, তিনটি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, ১০ টাকার একটি নোট, মাদক বিক্রির ৮ হাজার ৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি কেঁচি, একটি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি হ্যাক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সান নিউজ/ জামান
