ইংলিশ কাউন্টি ক্লাব কেন্টে সতীর্থ হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কেন্ট ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের ‘রথেসে কাউন্টি চ্যাম্পিয়নশিপ’-এর শেষ পর্বের চার ম্যাচের জন্য খালেদ আহমেদকে দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৮টি টেস্ট খেলা ৩১ বছর বয়সী খালেদ প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ অভিজ্ঞ। ২০১৫ সালে সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ৭০ ম্যাচে তার শিকার ১৯০ উইকেট।
কেন্টের মতো ঐতিহ্যবাহী ক্লাবে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত খালেদ আহমেদ। তিনি বলেন, “কেন্টের মতো সমৃদ্ধ ইতিহাসের একটি ক্লাবে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। মৌসুমের এই সময়টি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিভিশন ওয়ানে প্রমোশনে দলকে সহায়তা করাই এখন আমার প্রধান লক্ষ্য।”
কেন্টের প্রস্তাব পাওয়ার পর দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে খালেদ বলেন, হাসান মাহমুদ ও তার এজেন্ট ক্লাবটির পরিবেশ সম্পর্কে ইতিবাচক কথা বলেছিলেন। সে কারণেই প্রস্তাবটি গ্রহণ করতে তার কোনো দ্বিধা হয়নি।
এর আগে চলতি মাসের শুরুতে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল কেন্ট। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে জাতীয় দলের পরিকল্পনায় রাখায় বিকল্প হিসেবে খালেদকে দলে ভেড়ায় ইংলিশ ক্লাবটি।
হাসানের পর খালেদ আহমেদকে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক। তিনি জানান, মৌসুমের শেষ দিকে দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করা এবং পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর সুযোগ তৈরি করতেই খালেদকে দলে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গ্রীষ্মের শুরুতে হাসান মাহমুদ কেন্টে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশের অনেক সমর্থক দলটির খোঁজখবর রাখছেন। খালেদের যোগদানে সেই আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন তিনি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে বর্তমানে টেবিলের শীর্ষে থাকা ডারহামের পরেই রয়েছে কেন্ট। বুধবার কেন্টারবারিতে ওরচেস্টারশায়ারের বিপক্ষে মাঠে নামবে দলটি।
আমার বাঙলা/ রাব্বি
