আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে নেমে এসেছে আবেগ ও আক্ষেপ। মেসির অগণিত ভক্তের মতো তার বিদায়ে মন খারাপ হয়েছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদেরও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নাদিয়া। তিনি লিখেছেন, ৩১ আগস্ট তারিখটি এখন থেকে তার ও তার মায়ের জন্মদিনের পাশাপাশি আরও একটি কারণে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, ‘দ্য গ্রেটেস্ট’ লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মেসির বিদায়ে আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখতে না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন নাদিয়া। তিনি লেখেন, “এখন থেকে এই জার্সিতে তাকে আর দেখতে পাব না। নিঃসন্দেহে, একটি যুগের অবসান হলো। ভারাক্রান্ত মনে আমরা লিও মেসিকে মিস করব। তবে তিনি চিরকাল আমাদের মনে বেঁচে থাকবেন।”
মেসির ক্যারিয়ারের অসংখ্য স্মরণীয় মুহূর্তের কথাও তুলে ধরেছেন নাদিয়া। ফুটবল মাঠে মেসির জাদুকরী পারফরম্যান্স আর্জেন্টিনা সমর্থকদের জন্য কতটা গর্বের ছিল, সেটিও উল্লেখ করেছেন তিনি।
নাদিয়ার ভাষায়, “ফুটবলে তোমার জাদুকরী মুহূর্তগুলোর জন্য ধন্যবাদ, লিও মেসি। বিশেষ করে আমরা, আর্জেন্টিনার সমর্থকরা, তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ ও ঋণী থাকব প্রতিবার আমাদের গর্বিত করার জন্য। ধন্যবাদ, লিও। তোমার জাদু, তোমার অর্জন আর তোমার স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।”
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারকে ঘিরে নাদিয়ার এই আবেগঘন পোস্টে ফুটে উঠেছে আর্জেন্টাইন মহাতারকার প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।
আমার বাঙলা/ রাব্বি
